পরকীয়া কাণ্ডে বহিষ্কৃত বিএনপি নেতাকে ফেরাতে ৩১ নেতার পদত্যাগ, ৮ ঘণ্টা পর প্রত্যাহার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:২২

পরকীয়া প্রেমের জেরে এক বিবাহিত নারীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় বহিষ্কৃত এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের নাটকীয়তা দেখা দিয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপিতে। ক্ষোভের বশে ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটির ৩১ জন নেতা একযোগে পদত্যাগপত্র জমা দিলেও, উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের আশ্বাসে আট ঘণ্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে চররুহিতা এলাকায় এক জরুরি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পদত্যাগের আবেদন প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন বিক্ষুব্ধ নেতারা।

ঘটনার সূত্রপাত মূলত গত ১৩ এপ্রিল। সে সময় পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় নৈতিক স্খলনের দায়ে তাকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। তবে ঘটনার ৬ মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন।

বহিষ্কৃত ওই নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়ার্ড কমিটির সংখ্যাগরিষ্ঠ নেতারা। এর প্রতিবাদে সোমবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে গিয়ে ৩১ নেতার স্বাক্ষরিত গণপদত্যাগপত্র জমা দেন তারা। ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ জন নেতা সশরীরে উপস্থিত হয়ে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার হাতে পত্রটি তুলে দেন।

তবে পরিস্থিতি সামাল দিতে কৌশলী অবস্থান নেন উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া। তিনি পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে নথিভুক্ত না করে নিজের কাছে রেখে দেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহার আশ্বাস দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। তাই পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে গ্রহণ করিনি, এমনিতেই রেখে দিয়েছিলাম।’

পরবর্তীতে বিকেল ও সন্ধ্যায় ইউনিয়ন ও উপজেলা নেতাদের মধ্যস্থতায় বিক্ষুব্ধদের ক্ষোভ প্রশমিত হয়। রাত ৯টার প্রেস ব্রিফিংয়ে ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ জানান, চররুহিতা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বিষয়টিকে ‘অভিমান’ হিসেবে উল্লেখ করে চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ‘ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে একটি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। আমরা তাদের সঙ্গে বসে কথা বলেছি। এখন তাদের অভিমান ভেঙেছে এবং তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।’

ইত্তেফাক/এনএন