পশুর হাটের নিরাপত্তায় উড়বে ড্রোন ক্যামেরা

চট্টগ্রামে পশুবাহী ট্রাক তল্লাশি করবে না পুলিশ

চট্টগ্রামে প্রতিটি কোরবানির পশুর হাট ড্রোন ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান। হাটে আসা পশুবাহী ট্রাক তল্লাশির আওতামুক্ত থাকবে। গতকাল শনিবার সিএমপি কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষ্যে নগরীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি হাটে থাকবে পুলিশের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। জাল নোট শনাক্তকরণের মেশিনের পাশাপাশি মানি এস্কর্ট সুবিধাও থাকবে। বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

কমিশনার আরো বলেন, প্রতি বছর কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজির অভিযোগ আসে। এ জন্য এবার কোনো পশুবাহী ট্রাক পুলিশ চেক করবে না। পশুবাহী ট্রাক যেখানে ইচ্ছা যেতে পারবে। বাধা দেওয়া হবে না। পশুর হাটে ছিনতাইকারী ও মলমপার্টির দিকে নজর রাখা হবে। যারা জামিনে মুক্তি পেয়েছে তাদের প্রতি বিশেষ নজর থাকবে।