২৪৫ কোটি রুপিতে বিক্রি হয়ে বদলে যাচ্ছে পিএসএল ফ্র্যাঞ্চাইজির নাম

রেকর্ড দামে বিক্রির মাধ্যমে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজির নিলাম শেষ হয়েছে, যার বার্ষিক ফ্র্যাঞ্চাইজি ফি ২৪৫ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর ২.৪৫ বিলিয়ন)। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এটিই সর্বোচ্চ মূল্যায়ন। সোমবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয় নিলাম।

ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস। মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পিএসএলের ১১তম আসরের নিলামের বাকি মাত্র দুই দিন। সেই নিলামের আগে এই নিলাম অনুষ্ঠিত হলো। প্রথমবারের মতো ড্রাফটের বদলে নিলাম পদ্ধতিতে দলগুলো খেলোয়াড় দলে টানবে। সবশেষ আসর থেকে কোনো খেলোয়াড় ধরে রাখেনি সুলতানস। ফলে পুরো দলই নতুন করে গড়া হবে।

লাহোরে ফ্র্যাঞ্চাইজি নিলাম শেষে দলের নতুন মালিক ঘোষণা দেন, মুলতানের নাম পাল্টে রাওয়ালপিন্ডি রাখবেন। 

কোম্পানির প্রধান নির্বাহী আহসান তাহির বলেছেন, ‘আপনারা কি চমকের জন্য প্রস্তুত? আমরা রাওয়ালপিন্ডি হতে যাচ্ছি।’

১৮২ কোটি রুপি থেকে নিলামের দর শুরু হয়েছিল। সিডি ভেঞ্চারস ও পার্টিকল ইগনাইটারকে পেছনে ফেলে ওয়ালি টেকনোলজিস সর্বোচ্চ দর দেয়। 

নিলাম শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, একটা সময় কম দামেও ক্রেতাদের আকৃষ্ট করতে কষ্ট হয়েছে মুলতানের। কিন্তু রেকর্ড দামে বিক্রি হওয়ায় প্রমাণ হলো, পিএসএল-এর দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্ভাবনার প্রতি আস্থা বেড়েছে।

২০১৮ সাল থেকে আলী তারিনের মালিকানায় ছিল মুলতান। কিন্তু পিএসএলের দশম আসরের পর ম্যানেজমেন্টের সঙ্গে মতপার্থক্যের কারণে চুক্তি নবায়ন করেননি তিনি। 

উল্লেখ্য, পিএসএল-এ এবার দল বাড়ানো হয়েছে দুটি। নতুন আসরে আটটি দল খেলবে। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নতুন দুটি দল হায়দরাবাদ ও শিয়ালকোট।