কক্সবাজারের পেকুয়ার মগনামা লঞ্চঘাট চ্যানেলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ জলদস্যু তারেক (৩১) নিহত হয়েছে। নিহত তারেক কুতুবদিয়ার উত্তর ধুরং এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
গতকাল বুধবার ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ওয়ান শুটারগান, ২৩ রাউন্ড গুলি এবং চার রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সমপ্রতি জলদস্যুরা সাগর থেকে কয়েকটি মাছধরার বোট অপহরণ করে। পরে মালিকদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণ আদায় করতে তারেকসহ একদল জলদস্যু পেকুয়ার মগনামায় আসে। খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। জলদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।