জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপায় নেতৃত্বের প্রতিযোগিতা আছে, তবে কোনো দ্বন্দ্ব নেই। গতকাল শনিবার কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের পর স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী কলেজ মাঠে তিনি ত্রাণ বিতরণ করেন।
এরশাদের মৃত্যুর পর প্রথমবার কুড়িগ্রামে আসা জি এম কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমি দেখি ঢাকার মানুষ আতঙ্কিত। মশা দেখলেই ভয় পাচ্ছে। কারণ জ্বর হলে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্কিত মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের। আমরা অসহায় হয়ে থাকব আর প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়বে, আমরা কিছুই করতে পারব না—এটা হতে পারে না। এই মহামারি অবস্থা ঠেকাতে সরকার পুরোপুরিই ব্যর্থ।
তিনি বলেন, বন্যা দুর্গত এলাকায় জনগণের দুঃখ, দুর্দশা লাঘবে সরকার কি পদক্ষেপ নিয়েছে বিরোধী দল হিসেবে সেগুলো আমরা দেখতে এসেছি। বন্যা দুর্গতদের সহায়তায় স্থায়ী বন্দোবস্ত করা উচিত। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, ভাইস-চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, জেলা জাপার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-২ আসনের জাপা দলীয় এমপি পনির উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মেজর (অব) আসাফ উদ দৌলা ও দলের যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।