চোটে বিশ্বকাপ শেষ হাসারাঙ্গার

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে বড় এক দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। চোটের থাবায় বিশ্বকাপ আসর থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাম হ্যামস্ট্রিংয়ের গুরুতর ইনজুরিতে টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না এই তারকা লেগ স্পিনারের। 

কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে রোববারের ম্যাচে চোট পান তিনি। যদিও সে ম্যাচে চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাসারাঙ্গা। ম্যাচের পর সোমবার করা এমআরআই স্ক্যানে তার বাম হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্ট পর্যালোচনার পর তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, এই চোটটি তার আগের একটি হ্যামস্ট্রিং সমস্যার সঙ্গে সম্পর্কিত, যদিও এটি পুনরাবৃত্তি নয়।

গত কয়েক বছর ধরে একের পর এক চোটে ভুগছেন হাসারাঙ্গা। আইসিসি এখনো তার বদলি খেলোয়াড়ের অনুমোদন দেয়নি। তবে হাসারাঙ্গার জায়গায় লেগস্পিন বোলিং অলরাউন্ডার দুশান হেমান্থাকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

তবুও হাসারাঙ্গার অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য বড় ক্ষতি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ ইনিংসে ৪০ উইকেট নিয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার ছিলেন তিনি। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।