কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভোকে হত্যাচেষ্টা

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, তিনি একটি হত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন। কয়েক মাস ধরে মাদক পাচারকারীরা তাকে লক্ষ্যবস্তু করতে পারে এমন একটি কথিত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করার পর এ কথা জানালেন পেত্রো।

অজ্ঞাত লোকেরা তাকে গুলি করতে পারে—এ আশঙ্কায় গত সোমবার রাতে তার হেলিকপটারটি কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে একটি গন্তব্যে অবতরণ করতে পারেনি। 

পেত্রো সরাসরি সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘আমার হেলিকপটারটি চার ঘণ্টার জন্য খোলা সমুদ্রের ওপর দিয়ে যায় এবং আমি এমন জায়গায় পৌঁছাই যেখানে আমাদের যাওয়ার কথা ছিল না।’ 

তিনি আরো জানান, যেখানে তার অবতরণের কথা ছিল, সেখানে আলো পর্যন্ত জ্বালানো হয়নি।

দেশের উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভা বৈঠকে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট পেত্রো বলেন, ‘ভারী বৃষ্টি ও বন্যার কারণে সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে। তবে নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে।’ —রয়টার্স