নাশকতা, বিষ্ফোরক, মারামারিসহ বিভিন্ন অভিযোগে রূপগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা ছয়টি মামলায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৭৬ জন নেতা-কর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছেন। জামিন চেয়ে তাদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার হাইকোর্টের বিচারক মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিনপ্রাপ্ত সকলেই রূপগঞ্জের বাসিন্দা।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, ১ম যুগ্ম সম্পাদক হাজী বাছির উদ্দিন, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় নেতা আশরাফুল হক রিপন, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা এ কে এম আমিরুল ইসলাম ইমনসহ ২৭৬ জন নেতা-কর্মী ৬টি মামলায় জামিনের অন্তর্ভুক্ত হয়। নাশকতা, বিষ্ফোরক ও দাঙ্গা হাঙ্গামার অভিযোগে গত কয়েক মাসে পুলিশ তাদের বিরুদ্ধে এই ৬টি মামলা দায়ের করে।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যরিস্টার ফয়সাল আহম্মেদ আরিফ, এডভোকেট আমিরুল ইসলাম ইমনসহ দশ বারজন আইনজীবী।