মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

মানিকগঞ্জে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বুধবার বিকেলে পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ২৮তম এই মেলার উদ্বোধন করেন  বাংলা একাডেমির চেয়ারম্যান  শামসুজ্জামান খান। এ সময় মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৮ এর  চেয়ারম্যান ও  জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

মেলার সদস্য সচিব ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম,  সিপিবির কেন্দ্রীয় নেতা আজাহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হাসান টিপু, সুলতানুল আজম খান আপেল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা।

মেলায় দুই শতাধিক বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি বিজয় মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবসকে স্মরণ করে ১৯৯১ সাল থেকে এই বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।