চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ 'বি' এখন অঙ্কের খেলা। একটি অপ্রত্যাশিত ফল পুরো সমীকরণ বদলে দিয়েছে। জিম্বাবুয়ের কাছে ২৩ রানের হারে অস্ট্রেলিয়া হঠাৎই চাপে পড়ে গেছে। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২। বাকি ম্যাচ শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে। গ্রুপের চার দল অর্থাৎ শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের সামনে এখনো সুপার এইটে ওঠার দরজা খোলা।
অস্ট্রেলিয়ার হিসাব সবচেয়ে জটিল। তারা যদি শ্রীলঙ্কা ও ওমান, দুই ম্যাচই জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৬। কিন্তু তাতেও নিশ্চয়তা নেই। কারণ শ্রীলঙ্কা যদি জিম্বাবুয়েকে হারায় এবং জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডকে হারায়, তাহলে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে শেষ করবে ৬ পয়েন্টে। সে ক্ষেত্রে নির্ধারণ হবে নেট রানরেটে। অর্থাৎ দুই জয় পেলেও অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে থাকবে অন্য ম্যাচের ফল ও রান ব্যবধানের ওপর।
অস্ট্রেলিয়া নিশ্চিতভাবে ছয় পয়েন্টে উঠতে চাইলে অন্য ফল তাদের পক্ষে যেতে হবে। শ্রীলঙ্কাকে হারাতে হবে জিম্বাবুয়েকে, অথবা জিম্বাবুয়েকে হারতে হবে আয়ারল্যান্ডের কাছে। এই দুই পরিস্থিতির যে কোনো একটিতে অস্ট্রেলিয়া ছাড়া আর মাত্র একটি দল ছয় পয়েন্টে পৌঁছাবে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে সমীকরণ হবে আরো কঠিন। তখন জিম্বাবুয়েকে হারতে হবে তাদের বাকি দুই ম্যাচেই, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা যাবে ৮ পয়েন্টে। আর অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থাকবে ৪ পয়েন্টে। তখন দ্বিতীয় স্থানের জন্য আবারও নেট রানরেট নির্ধারক হবে। অর্থাৎ চার পয়েন্টে থেকেও অস্ট্রেলিয়ার ক্ষীণ আশা থাকবে, যদি জিম্বাবুয়ে টানা দুই হার মানে।
অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই নিশ্চিত সুপার এইটে যাবে শ্রীলঙ্কা। আর চার পয়েন্টে সুযোগ পেতে হলে অস্ট্রেলিয়াকে ওমানের কাছে হারতে হবে। জিম্বাবুয়ের শুরুটা শক্তিশালী। দুই ম্যাচে ৪ পয়েন্ট। বাকি ম্যাচ আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তাদের জায়গা নিশ্চিত। জিম্বাবুয়ে যদি শ্রীলঙ্কার কাছে হারে কিন্তু আয়ারল্যান্ডকে হারায়, তাহলে তারা ছয় পয়েন্টে উঠবে।
আবার যদি জিম্বাবুয়ে দুই ম্যাচই হারে, অস্ট্রেলিয়া একটির বেশি জয় পেলে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হতে পারে। আয়ারল্যান্ডের পথ সবচেয়ে সরু। তিন ম্যাচে ২ পয়েন্ট। বাকি একমাত্র ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। তারা যদি জেতে, শেষ করবে ৪ পয়েন্টে। তখন দরকার হবে অন্য সমীকরণ। শর্ত হলো, বাকি তিন দলের মধ্যে কেবল একটি দল চার পয়েন্টের বেশি তুলবে। তখন নেট রানরেট নির্ধারণ করবে দ্বিতীয় দলকে।