ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এশিয়ান টেক্সটাইল মিলে গরম পানির সঙ্গে কেমিক্যাল মিশানোর সময় বিস্ফোরণ হয়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার শাসনগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- মোস্তাফা (৩০), মোক্তার হোসেন (২৪) ও সোহেল (৩১)। তাদের প্রত্যেকের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ফতুল্লার শাসনগাঁ এলাকায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত এশিয়ান টেক্সটাইল মিলে রাতের শিফটের শ্রমিকেরা কাজ করছিলো। এ সময় কাপড় রঙ করার জন্য গরম পানির সঙ্গে কেমিক্যাল মিশানোর সময় বিস্ফোরণ হয়ে গরম পানি শ্রমিকদের উপর এসে পড়ে। এতে মোস্তাফা (৩০), মোক্তার হোসেন (২৪) ও সোহেল (৩১) দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ তিন শ্রমিককে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানান, তাদের শরীরের বিভিন্ন অংশে ঝলসে গেছে। তাদেরকে চিকিত্সা দেওয়া হচ্ছে।