দর কমার শীর্ষে মিউচুয়াল ফান্ড

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের শুরুতে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও বেশিরভাগ শেয়ারের দর গতকাল কমেছে। দর কমার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মিউচুয়াল ফান্ডগুলো। গেল সপ্তাহে দরপতনের শীর্ষদশের তালিকায় উঠে আসে মিউচুয়াল ফান্ড খাতের ৯ প্রতিষ্ঠান। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্প্রতি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা হলেও বিনিয়োগকারীরা সন্তুষ্ট হতে পারছেন না। মিউচুয়াল ফান্ডগুলোর রিইনভেস্টমেন্ট ইউনিট বাতিল হওয়ায় মিউচুয়াল ফান্ড নিয়ে আশাবাদী হয়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু অব্যাহত দরপতনে হতাশ বিনিয়োগকরীরা। প্রায় সব মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ কমেছে। গতকাল রবিবার দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো এসইএমএল লেকচার ইক্যুইটি, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং কে অ্যান্ড কিউ।

পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ২০১০ সালের ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংক ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা। কারণ ঐ সব শেয়ারের দর সবচেয়ে বেশি কমে গিয়েছিল। সম্প্রতি মিউচুয়াল ফান্ডগুলোর দরপতনের কারণে বিনিয়োগকারীদের মনে আবার শঙ্কা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির ১৩ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ২৩৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৬৩ কোটি ৮৫ লাখ ৬৭ হাজার ২৭৮ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫১৭২ দশমিক ৮৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৭১ পয়েন্ট কমে ১৮৩৬ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১১৯৩ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান কোম্পানি হলো মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, ইন্দো-বাংলা ফার্মা, বীকন ফার্মা, সিলকো ফার্মা, বিবিএস কেব্ল ও স্টাইলক্র্যাফট লি.।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো আল-হাজ্ব টেক্স, ড্রাগন সোয়েটার, ইনটেক অনলাইন, স্টাইলক্র্যাফট লি., সায়হাম টেক্স, মুন্নু স্টাফলার, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন, কাট্টালি টেক্সটাইল, জাহিন স্পিনিং ও মিরাকেল ইন্ডা.।

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ শেয়ারবাজার

ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৯ থকে ১৭ আগস্ট পর্যন্ত টানা ৯ দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। এ কারণে সারকারিভাবে ১১, ১২ ও ১৩ আগস্ট, অর্থাত্ রবি, সোম ও মঙ্গলবার ছুটি থাকবে। সাধারণ ছুটি শেষ হওয়ার পর ১৪ আগস্ট বুধবার অফিস খোলা। তবে এদিন শেয়ারবাজারে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ। পরের দিন ১৫ আগস্ট বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের ছুটি। ঈদের আগের শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে ৮ আগস্ট লেনদেন হওয়ার পর ঈদের আগে শেয়ারবাজারে আর লেনদেন হবে না। ঈদ শেষে শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে টানা ৯ দিন বন্ধ থাকছে দেশের শেয়ারবাজার।