চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকিসংবলিত চিঠি পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান তখন নিজ বাসভবনেই অবস্থান করছিলেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় মতলব উত্তর থানা-পুলিশ।
চিঠিতে লেখা ছিল, ‘তোর জানাজা মানুষ পড়তে পারবে কিনা, তোর লাশ মানুষ খুঁজে পাবে কিনা সন্দেহ। চাইছিলাম তোকে কাফন ছাড়াই দাফন দিমু, কিন্তু না—উপরের নির্দেশে তোকে কঠিন থেকে কঠিন মৃত্যু দিমু। তাই আজ তোর বাড়িতে পায়ের ধুলা দিয়ে গেলাম।’
চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির সামনে বিকট শব্দে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। শব্দ শুনে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সরে যায়। পরে বাড়ির সামনে একটি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। সেটি বোমাসদৃশ মনে হওয়ায় কেউ তা না খুলে পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে এসে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্যাকেটটি খুলে দেখেন। এতে দুটি চকলেট বোম, কাফনের কাপড়, আতর, গোলাপজল, আগরবাতি ও দুই পাতার হুমকিসংবলিত চিঠি পাওয়া যায়।
ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও আতঙ্কের। তিনি বলেন, ‘এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।