প্রকৌশলীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাকিরুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগের মামলায় বারহাট্টা উপজেলার বারহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

রবিবার নেত্রকোনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সূত্রে এখবর জানা গেছে। 

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বারহাট্টা ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের বরখাস্ত হবার আদেশ পেয়েছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২ মে উপ-সহকারি প্রকৌশলী নেত্রকোনা-মোহনগঞ্জ  সড়কের সংস্কার কাজ দেখতে গেলে সাখাওয়াত ও তার লোকজন  প্রকৌশলীর ওপর হামলা চালায় এবং মারধর করে। পরে তিনি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। মামলার পর চেয়ারম্যান আদালতে জামিনের জন্য গেলে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে তদন্ত শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। সাখাওয়াত হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

নেত্রকোনায় ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম নেত্রকোনায় উদ্বোধন করা হয়েছে।  শনিবার বিকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। পরে প্রেসক্লাব হলরুমে প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন প্রকল্পের প্রতিনিধি কামাল হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন প্রমুখ।