নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় হায়দার প্রামাণিক (৪০) নামের এক পরিবহন ব্যবসায়ী নিহত হন। বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়দার প্রামাণিক পাবনার ঈশ্বরদী উপজেলার ট্রাফিক মোড় এলাকার আহাদ প্রামাণিকের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুর সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা পাথর বোঝাই অন্য একটি ট্রাক সামনের দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে চালকের পাশে বসে থাকা ট্রাকের মালিক হায়দার প্রামাণিক ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।