ফরিদপুরে অপহরণ ও গণধর্ষণ মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দুই কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ মামলায় ফরিদপুরের আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের দণ্ডাদেশ প্রদান করেছে।

রবিবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবীর এ রায় দেন। আসামিরা সকলে পলাতক।

সাজাপ্রাপ্তরা হলো, উজ্জ্বল খান, শুকুর আলী, মিরাজ শেখ, ইলিয়াস ব্যাপারী এবং শফি মোল্লা। তাদের প্রত্যেকের বাড়ি চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) জেলার চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামে স্কুল পড়ুয়া দুই কিশোরীকে আসামিরা অপহরণ করে মোটরসাইকেলযোগে নিয়ে যায়। পরে ঐ কিশোরীদের পদ্মা চরের ভুট্টা খেতে নিয়ে গণধর্ষণ করে মোবাইলে ভিডিও করে। এই ঘটনায় ১৪ বছর বয়সি কিশোরীর বাবা ১১ জুন চরভদ্রাসন থানায় পাঁচ জনকে আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে।