আবারও স্মিথে সওয়ার অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার

প্রথম ইনিংসে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে গেয়েছিলেন নিজের জয়গান। তার ওপর ভর করে বিপর্যয় এড়িয়েছিল অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর প্রথম টেস্টেই আবারও অসিদের ভরসা হয়েছেন সেই স্টিভেন স্মিথ। তার ওপর ভর করে ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ ওভারে ৪ উইকেটে ২৬১ রান তুলেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে এরই মধ্যে ১৭১ রানের লিড দাঁড় হয়ে গেছে। ১১৩ রান নিয়ে উইকেটে আছেন সাবেক অধিনায়ক স্মিথ। ১৭ বছর পর আবার অ্যাশেজে কেউ দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। ২০০২ সালে সর্বশেষ এই কীর্তি করেছিলেন ম্যাথু হেইডেন।

এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রান করেছিল স্মিথের ১৪৪ রানে ভর করে। জবাবে ররি বার্নসের সেঞ্চুরি, জো রুট ও বেন স্টোকসের ফিফটিতে ৩৭৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।

বার্নসম রুট ও স্টোকস ছাড়া ইংল্যান্ডের পক্ষে তেমন ভালো কেউ করতে পারেননি। বার্নস ৩১২ বলে ১৩৩ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রুট করেন ৫৭ রান। আর শেষ দিকে এসে ইংল্যান্ডের বিশ্বকাপ নায়ক স্টোকস ৫০ রানের ইনিংস খেলেন। অবশ্য স্কোরটা বড় করতে ক্রিস ওকসের ৩৭ এবং স্টুয়ার্ট ব্রডের ২৯ রানেরও অবদান ছিল।

জবাব দিতে নেমে ২৭ রানেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর উসমান খাজার সাথে প্রথম প্রতিরোধ করেন স্মিথ। খাজা ৪০ রান করে আউট হয়ে যান। এরপর ট্রাভিস হিডকে নিয়ে চলছিলেন স্মিথ। গতকাল ৩ উইকেটে ১২৪ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। স্মিথ ও হিড জুটি সেখান থেকে বিচ্ছিন্ন হন দলীয় ২০৫ রানে। দুই জনে ১৩০ রান যোগ করেন। ৫১ রানে ডি আউট হওয়াতে জুটি ভাঙে। এরপর স্মিথের সঙ্গী হন ম্যাথু ওয়েড।