রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া এক বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাজারে যখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করবেন, তখন যেন পূর্ণ সহযোগিতা করা হয়। এতে বাজারে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
ব্রিফিং অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।