ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখেন না আমির

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠতে পারবে না বলে ভবিষ্যদ্বাণী দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। ২০১৬ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপেও ফাইনাল খেলতে পারেনি ভারত। এবার তারা শেষ চারেও খেলতে পারবেন না বলে মনে করেন আমির। 

সাবেক এই পাক পেসারের মতে, একই গ্রুপে  দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দুটি দল থাকায় শেষ আট থেকেই বিদায় নিতে হবে সূর্যকুমার যাদবের দলকে। ভারতের থেকে এই দুই দলকে এগিয়ে রাখছেন আমির।  

পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে আমির বলেন, ‘এটা আমার মতামত। বলছি না যে ভারত খারাপ দল। তাদের ব্যাটিং যেভাবে পারফর্ম করেছে এবং গোটা দল যেভাবে নিজেদের মেলে ধরেছে, সেসবের ওপর ভিত্তি করে এটা স্রেফ আমার বিশ্লেষণ। আমার মতে, এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ভারতের চেয়ে ভালো দল। এজন্যই আমি ভারতকে সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নেইনি।’

নিজের মন্তব্যের ওপর জোর দিয়ে সাবেক এই পাক পেসার আরও বলেন, ‘আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কি আমাকে বলতে জোর করবেন যে ভারত ফাইনালে খেলবে? তারা ফাইনালে খেলুক বা না খেলুক, আমার তাতে কী! আমার শুধু মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলছে। ভারত যদি ফাইনালে খেলে তো ভালো। আমার তো কিছু যায় আসে না।’