ময়মনসিংহে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ময়মনসিংহে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী মো. ইসা ফকির (২৫) নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজে (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসা ফকির ময়মনসিংহ সদর উপজেলার গোবদ্দিয়া গ্রামের মৃত শাহ্ সুফি নাজিম উদ্দিন ফকিরের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটগুদাম বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এম.কে. সুপার পরিবহনের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে বাসটি টার্মিনালের কাছাকাছি পাটগুদাম ব্রিজে পৌঁছালে উল্টো দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মো. ইসা ফকির মারা যান।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনার কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা ট্রাফিক ও থানা পুলিশের এক ঘন্টার চেষ্টায় নিরসন করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।