বিয়ের আগের রাতে দুই বোনের মৃত্যু, ধারণা আত্মহত্যা

ভারতের রাজস্থান রাজ্যের জোধপুরে বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিষাক্ত কোনো পদার্থ পান করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃত দুই তরুণীর নাম শোভা (২৫) ও ভিমলা (২৩)। শনিবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। পরিবারে দুই মেয়ের বিয়েকে ঘিরে প্রস্তুতি ও উৎসব চলছিল। শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িতে বিয়ের আয়োজন অব্যাহত ছিল। রাত প্রায় ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান।

পুলিশের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে দুই বোনের শারীরিক অবস্থা অবনতি ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনার পর শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেষকৃত্যের আয়োজন স্থগিত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিষাক্ত কোনো পদার্থ সেবনের ইঙ্গিত পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো ঘটনাটি ঘিরে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।