ফিরোজা বেগম স্মৃতিপদক পেলেন ফরিদা পারভীন

ইত্তেফাক রিপোর্ট

ফিরোজা বেগম স্মৃতিপদকে ভূষিত হলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে ফরিদা পারভীন বলেন, ফিরোজা বেগমের পরিবারের কাছে আমার অনেক ঋণ। ফিরোজা বেগম ও তার ভাই আসাফ উদ দৌলার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তাই এই পদক আমার কাছে কোনো জাতীয় পুরস্কারের চেয়ে কম নয়। এই সম্মাননা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এই পদক প্রাপ্তিতে মনে হচ্ছে, ফকির লালন সাঁইজির সংগীতের ছোঁয়া আমাকে আপনাদের ভালোবাসার কাছে ঋণী করেছে। সংগীতশিল্পী হিসেবে বেড়ে ওঠার সময় আমার লক্ষ্য ছিল ফিরোজা বেগমের মতো শিল্পী হতে হবে। তার গান শুনেই এই আকাঙ্ক্ষা জন্মেছিল।

গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হয়। একই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ছাত্রী খোন্দকার আনিকা ইসলামকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই কৃতী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে তার পুরস্কার। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের শিল্পীসত্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তন করে এ পুরস্কার। প্রতিবছর ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে নান্দনিক নৃত্যের পাশাপাশি ছিল নজরুল ও লালন সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে ফিরোজা বেগম স্মৃতিপদক ও পুরস্কার গ্রহণ করেন ফরিদা পারভীন।

ফিরোজা বেগমের সহোদর এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্টের পৃষ্ঠপোষক এম আনিস উদ দৌলা সূচনা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজা বেগম স্মৃতিপদক প্রদানের উদ্যোগটির প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।