ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে

সংবাদ সম্মেলনে সন্তু লারমা

ইত্তেফাক রিপোর্ট

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানবিক মর্যাদা প্রতিষ্ঠা তো দূরের কথা এখন আত্মপরিচয়, মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতি নিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেছেন, স্বাধীনতার ৪৮ বছর পরও দেশের ৩০ লক্ষাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাবঞ্চিত। আমাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে ঠেলে দেওয়া হয়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। শনিবার স্থানীয় একটি হোটেলে ৯ আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে বক্তব্য রাখেন আইইডির নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী নুমান আহমদ খান, আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের টেকনোক্র্যেট এক্সপার্ট মেম্বার জান্নাতুল ফেরদৌসি। এ সময় জানানো হয়, আদিবাসী দিবসকে সামনে রেখে আজ ৫ আগস্ট সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ আগস্ট সকাল ১০টায় ঢাকার ডব্লিউ ভি এ মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের যৌথ আয়োজনে সেমিনার, ৯ আগস্ট দুপুর ২টায় বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৭ আগস্ট এএলআরডি ও ১০টির অধিক সংগঠন মিলিতভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার নিয়ে সিরডাপ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে।