ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী ভয়াবহ ডেঙ্গু জ্বরের বিস্তার প্রতিরোধে আতঙ্কিত না হয়ে যথাযথ সচেতনতা এবং সতর্কতা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির নেতৃবৃন্দ ডেঙ্গু ভাইরাস টেস্টের প্রয়োজনীয় কিট আমদানির ক্ষেত্রে তাদের করণীয় থাকলে তা করারও আশ্বাস দিয়েছেন। এফবিসিসিআই-এর উদ্যোগে গতকাল রবিবার ‘ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব বক্তব্য তুলে ধরা হয়। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণে এফবিসিসিআই ‘ব্লাড ক্যাম্প’ স্থাপন করেছে। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এফবিসিসিআই কার্যালয়ে রেডক্রিসেন্ট টিমের সহায়তায় বিকালে এই ব্লাড ক্যাম্পের কার্যক্রম শুরু করেন। সভায় এফবিসিসিআই নেতৃবৃন্দ ছাড়াও দেশের বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, সহসভাপতি নিজামুদ্দিন রাজেশ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এম এ মুবিন খান আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা নিজ বাসস্থানসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর তারা বিশেষ গুরুত্ব দেন। এছাড়া উপস্থিত বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উল্লেখ করেন, সুবিধাবঞ্চিত শ্রেণির ডেঙ্গু রোগীদেরকে তারা বিনামূল্যে চিকিত্সা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম তার বক্তব্যে উল্লেখ করেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এফবিসিসিআই তার অন্য কার্যক্রমের মতোই ডেঙ্গু জ্বর বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর হসপিটালের চেয়ারম্যান ডা. মো. জাহাঙ্গীর আলম, সিটি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেফায়েত উল্লাহ শরিফ এবং স্বাস্থ্যসেবা ও চিকিত্সা শিক্ষার সাথে সংশ্লিষ্ট এফবিসিসিআই-এর পরিচালক এবং সদস্যবৃন্দও বক্তব্য রাখেন।