ডেঙ্গুর কিট সংকটের নেপথ্যে সিন্ডিকেট

ক্রমবর্ধমান রোগীর চাপে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ কিট (রি-এজেন্ট) সংকট দেখা দিয়েছে। অনেক হাসপাতালে মাঝেমধ্যেই বন্ধ রাখতে হচ্ছে পরীক্ষা। এতদিন এই সংকট রাজধানীতে সীমাবদ্ধ থাকলেও দেশব্যাপী ডেঙ্গু ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভাগীয় শহর, জেলা-উপজেলায়ও গত দুই দিন ধরে কিটের অভাব। ফলে সরকারের প্রতিশ্রুতি থাকলেও বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারছে না রোগীরা। অথচ ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা গতকালও রেকর্ড ভঙ্গ করেছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৭০ জন। অতিরিক্ত আইজিপির স্ত্রী, ইডেন কলেজের ছাত্রীসহ ৬ জন গতকাল মারা গেছেন। আক্রান্ত ও মারা                 যাওয়ার সংখ্যা বাড়তে থাকায় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই ডেঙ্গু হয়েছে কিনা পরীক্ষার জন্য মানুষ ছুটছেন এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে। ১২০ টাকার কিট ৩৫০ থেকে ৮০০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। এটি নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট। কৃত্রিম সংকট সৃষ্টি করে কিটের মূল্য বৃদ্ধির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াই তাদের ধান্দা। এছাড়া কিট সংকট সৃষ্টির পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখছে একাধিক গোয়েন্দা সংস্থা।

এদিকে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু শনাক্তকরণের কিট সহজলভ্য ও সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। তাদের দাবি, প্রতিদিন দুই লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানি করা হচ্ছে। সময়োচিত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কিটের সাময়িক সংকট হলেও তা কেটে যাচ্ছে বলে জানায় ওষুধ প্রশাসন অধিদফতর। সংকট নিরসনে দেশেই ডেঙ্গু শনাক্তকরণ কিট তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে এই কিট তৈরি করবে ওএমসি নামের একটি দেশীয় প্রতিষ্ঠান। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, ওএমসি প্রাথমিক পর্যায়ে ২০ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট তৈরি করবে। এতে করে বিদেশ থেকে আর কিট আমদানি করতে হবে না। এদিকে শনিবার রাতে দেড় লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট ভারত ও কোরিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। এগুলো সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চাহিদা অনুযায়ী বিতরণ করা হবে বলে জানান মাহবুবুর রহমান।

তবে ডাক্তারদের পরামর্শ ছাড়া অপ্রয়োজনে শনাক্তকরণ কিট ব্যবহার করে অপচয় রোধ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানিকারক তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে জানান, ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানির ক্ষেত্রে তাদের হয়রানি করা হচ্ছে। দেশে যখন ডেঙ্গু কিটের সংকট এবং যে যার অবস্থান থেকে সেই সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে, সেখানে কাস্টমস অথরিটি আমদানিকারকদের সাথে তাদের চিরাচরিত হয়রানি অব্যাহত রেখেছে। এদিকে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাড়তি লোকবল চেয়েছে কয়েকটি সরকারি হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সর্দি-কাশি জ্বর নিয়েও অনেকে হাসপাতালে এসে ভিড় করছেন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের জেলা সদর হাসপাতালগুলোর প্রতিটিতে ১০ লাখ টাকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ লাখ টাকা বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে জ্বরে আক্রান্ত সব রোগীকে ঢালাওভাবে ডেঙ্গু (এনএস-১) টেস্ট না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বারবার রেকর্ড ভঙ্গ করছে। এই মৌসুমে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত ২৪ ঘণ্টায়।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) শাহাবুদ্দীন কোরেসীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। গত ৩০ জুলাই সৈয়দা আখতার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে গত শনিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শাহাবুদ্দীন কোরেসী সরকারি সফরে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আজ সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে। সৈয়দা আক্তারের মৃত্যুর খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল স্কয়ার হাসপাতালে যান। এ পর্যন্ত দেশে পুলিশ সদস্যসহ তাদের পরিবারের ১৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছন, যাদের অর্ধেক পুলিশ সদস্য। এর মধ্যে ঢাকায় ১৪৮ জন ও ঢাকার বাইরে দুজন।

ইডেন কলেজের একাউন্টিং দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা তানভির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা পরিবারের সাথে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি গাজীপুরে। শান্তার বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সাধীন। মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য লাভলী আক্তার (৪০) শনিবার রাতে ডেঙ্গু রোগে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. মঞ্জুর শেখ (১৫) ও মর্জিনা বেগম (৬৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত জয়া সাহা (৩০) মারা গেছেন। তার স্বামীর নাম চঞ্চল সাহা। তিন দিন আগে জয়া সাহা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে ফরিদপুর আরোগ্য সদন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তার প্লাটিলেট ১০ হাজারে নেমে এসেছিল।

এদিকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, এ রোগ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি তাদের আছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজনে ঢাকা মেডিকেল সংলগ্ন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে এক হাজার আসনে রোগী ভর্তির ব্যবস্থা করা হবে। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে ডেঙ্গু নিয়ে নানা প্রস্তুতির কথা জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ সামলাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সর্বোচ্চ প্রস্তুতি আছে। ইতিমধ্যে চিকিত্সকদের ছুটি বাতিল করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধ সেল সমন্বয়ের দায়িত্বে ১২৯ কর্মকর্তা : ঢাকার দুই সিটি করপোরেশনের ‘ডেঙ্গু প্রতিরোধ সেলের’ কার্যক্রম সার্বিক সমন্বয়ের জন্য প্রশাসনের ১২৯ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ডে প্রতিটিতে একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫টি ওয়ার্ডে প্রতিটিতে একজন করে কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কিট ও ওষুধ নিয়ে আর কোন

সমস্যা নেই:স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগীদের চিকিত্সার জন্য বিকল্প হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বঙ্গবন্ধু স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) আলোচনা সভায় তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সামলানোর প্রস্তুতি সরকারের রয়েছে। ডেঙ্গু পরীক্ষার কিট ও ওষুধ নিয়ে আর কোন সমস্যা নেই বলেও জানান তিনি।