মাদারগঞ্জে সিএনজি-ট্রাক্টরের সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় ঘটে।

নিহত জাহিল জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন—নিহতের মা বিথী (৩৬), উপজেলার জোনাইল ফকির বাড়ি এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী সামিরা (৫৫) এবং একই এলাকার মিজানুরের স্ত্রী সেলিনা (২৬)। গুরুতর আহত বিথীকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক জাহিলকে মৃত্যু ঘোষণা করেন।

প্রসঙ্গত, গতকাল রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় বিথীর মামাতো বোন খুশি মারা যান। তার লাশ শেষবার দেখার জন্য বিথী ও তার ছেলে জাহিল জামালপুর থেকে সিএনজি যোগে মাদারগঞ্জ যাচ্ছিলেন। পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় তারা দুর্ঘটনায় কবলিত হন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে জাহিল হাসপাতালে আনার আগেই মারা যান। গুরুতর আহত একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে, অন্য দুইজনকে কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহিন্দ্র ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।