দেশে অনুপ্রবেশ করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এখনো অবস্থান নিচ্ছেন মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্য ও ভারতের বিভিন্ন এলাকা থেকে স্থল এবং জলসীমান্ত পেরিয়ে অনেকে বাংলাদেশে আসছেন। দালালদের সহায়তায় এরা পৌঁছাচ্ছেন ক্যাম্পে। সম্প্রতি উখিয়ার বিভিন্ন ক্যাম্পে নতুন করে অন্তত ১১৮ জন রোহিঙ্গার অবস্থান শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সুংশ্লিষ্ট সূত্র।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন আসা রোহিঙ্গাদের মাঝে মিয়ানমারের বুচিদং টাউনশিপ থেকে আগতদের পাশাপাশি ভারতের জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন অবস্থান করা রোহিঙ্গারাও আছেন।
ক্যাম্প সংশ্লিষ্টরা জানান, নতুন আসা রোহিঙ্গাদের বড় একটি অংশ স্থানীয় দালালদের সহায়তায় সীমান্ত পেরিয়ে উখিয়ায় পৌঁছেছেন। ভারত থেকে আসা অনেকের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধন কার্ডও রয়েছে। সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে তারা বাংলাদেশে ঢুকে সরাসরি ক্যাম্পে পৌঁছাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১১ নভেম্বর রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদং টাউনশিপ থেকে একটি পরিবারের ছয় সদস্য নাইক্ষ্যংছড়ির বরইতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরে তারা উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। পরিবারের সদস্যরা হলেন আমির হোসেন (৪৮), নুর হোসেন (১৭), ইমাম হোসেন (১৪), জাহিদ হোসেন (১২), দীনি ইসলাম (৮) ও নুর আয়েশা (৪)।
পরিবারটির সদস্যদের দাবি, আরাকান আর্মি রোহিঙ্গাদের নিজেদের দলে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছে। প্রাণভয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে গত শনিবার সকালে ভারত থেকে সাত সদস্যের একটি পরিবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে দালালদের সহায়তায় তাদের উখিয়ার কুতুপালং ওয়ান ইস্ট ক্যাম্পের সি-৫ ব্লকে এক স্থানীয় বাংলাদেশির বাড়িতে রাখা হয়। পরিবারটির সদস্যরা হলেন শাহ আলম (৪০), জামালিদা (৩৯) এবং তাদের পাঁচ সন্তান মো. রমিজ (১৭), ইয়াসিন আরফাত (১৪), মো. এরশাদ (১১), নূর ফাতেমা (৮) ও মো. রেদোয়ান (৪)।
কুতুপালং ওয়ান ইস্ট ও ওয়ান ওয়েস্ট ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) উপসচিব মিনহাজুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে ওয়ান ইস্ট ক্যাম্পের নতুন করে ৫০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৪৫ জনই ভারত সীমান্ত দিয়ে এসেছেন।
তিনি আরও জানান, নতুন আসা এসব রোহিঙ্গার বড় একটি অংশ দীর্ঘদিন ভারতের জম্মু-কাশ্মীরে অবস্থান করছিলেন। সেখানকার প্রশাসন তাদের বসতবাড়ি উচ্ছেদ করার পর তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরে দালালদের মাধ্যমে উখিয়ায় এসে ক্যাম্পে অবস্থান নেন। তাদের অনেকের কাছে ইউএনএইচসিআরের নিবন্ধন কার্ডও রয়েছে।
এ ছাড়া গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর টানা তিন দিনে মিয়ানমার থেকে অন্তত ৫৫ জন রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কুতুপালং ওয়ান ইস্ট ক্যাম্পের বিভিন্ন শেডে অবস্থান নেন। তারা সবাই বুচিদং টাউনশিপের বাসিন্দা বলে জানা গেছে।
উখিয়ার পাশাপাশি টেকনাফ সীমান্ত দিয়েও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির একটি সূত্র জানায়, প্রায় ৫০-৬০ জন রোহিঙ্গা দালালদের সহায়তায় মাছ ধরার নৌকায় করে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের মাঝে ৩৮ জনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬টি শিশু আছে। বাকিরা স্থানীয় দালালদের সহায়তায় বিভিন্ন লোকালয়ে ছড়িয়ে পড়েন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার কমিটির সাধারণ সম্পাদক ও রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নেতা মাহবুবুর রহমান বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। মানবিক আশ্রয়ের পর রোহিঙ্গারা স্থানীয়দের গলার কাঁটায় পরিণত হয়েছে। গত নয় বছর প্রচেষ্টা চালিয়ে একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। বরং ক্যাম্পগুলোতে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। বাড়ছে তাদের লোকবলের পরিধি। এরই মাঝে আবার নতুন করে রোহিঙ্গার অনুপ্রবেশ জেনে শুনে বিষপানের মতো। একদিন রোহিঙ্গার কারণে স্থানীয়রা উখিয়া-টেকনাফে সংখ্যালঘু হয়ে ধরা দিবে।
