পাঁচ বছরের শিশুপুত্রকে ডাক্তার দেখিয়ে অটোরিকশায় বাড়িতে ফেরার পথে বাসচাপায় মারা গেলেন মা-বাবা। ভাগ্যের জোরে অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুটি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের মীর দেওহাটা কচুয়াপাড়ায়। এ ঘটনায় অটোরিকশা চালকও মারা গেছেন।
নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মো. পাখি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৬), তার স্ত্রী তাসলিমা বেগম (৩০) এবং বাইমহাটি গ্রামের ফালু মিয়ার ছেলে অটোচালক মো. শরিফুল ইসলাম (২৯)। জাহাঙ্গীর-তাসলিমার ছেলে বিজয় নিরাপদ ও সুস্থ রয়েছে।
মির্জাপুর থানা পুলিশ জানায়, নিহত দম্পতি তাদের অসুস্থ সন্তান বিজয়কে চিকিত্সা করাতে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। চিকিত্সা শেষে বাড়ি ফেরার জন্য তারা মির্জাপুর পুরাতন বাস স্টেশন থেকে একটি অটোরিকশায় ওঠেন। তারা মীর দেওহাটা কচুয়াপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস অটোটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাসলিমা বেগম মারা যান। মায়ের কোল থেকে ছিটকে পড়লেও ভাগ্যক্রমে বেঁচে যায় শিশু বিজয়। পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাসলিমার স্বামী জাহাঙ্গীর আলম ও অটোচালক শরিফুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় ঘণ্টাখানেক পরে দুই জনই মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক বাসের চালক-হেলপারকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।