রাজবাড়ীতে কল্যাণপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে খামারি মো. শাহিন খান (২৫) এর দুই হাত কেটে ফেলেছে দুর্বত্তরা। রবিবার বিকালে উপজেলার কল্যাণপুর গ্রামের বিলপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। খামারি শাহিন কল্যাণপুর গ্রামের মো. হাশেম খানের ছেলে। এ ঘটনায় গুরুত্বর আহত শাহিনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবনতি ঘটলে শাহিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
শাহিনের মা কুলসমা বেগম বলেন, প্রতিবেশী রহমান গাজীর ছেলে মো. ইসমাইল আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। বিকাল ৩টার দিকে খবর আসে শাহিনের দুটি হাত কেটে ফেলেছে দুর্বত্তরা। গিয়ে দেখি আমার ছেলের দুটি হাতই কাটা। তিনি আরো বলেন, আমার ছেলে শাহিনের প্রথম স্ত্রী সুমি’র সঙ্গে পরকিয়ার সম্পর্ক ছিলো স্থানীয় ইসমাইল গাজীর। এ নিয়ে গত ২ মাস আগে ইসমাইলের মোবাইল ফোন ভেঙে ফেলে আমার ছেলে। স্ত্রীর পরকিয়ার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দ্যেশে এই হামলা করা হয় বলে তাদের ধারণা।
স্থানীয়রা জানান, শাহিনের দুটি হাত একেবারে কেটে ফেলা হয়েছে। আমরা তার হাত দুটি ব্যাগে ভরে দিয়েছি।
রাজবাড়ী সদর থানার ওসি তদন্ত জেওএম তৌকির আজম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।