ডেঙ্গু থেকে মুক্তি পেতে লম্বা জামা-পায়জামা পরার পরামর্শ সাঈদ খোকনের

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল রবিবার নগর ভবনে মূল ফটকের সামনে মসজিদের ইমামদের মাঝে অ্যারোসল স্প্রে বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

ইমামদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে মসজিদে দোয়া করবেন। এ শহর যেন দ্রুত ডেঙ্গুমুক্ত হয়। তিনি বলেন, ঢাকার বাইরেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন ছিল না। এখন সিটি কর্পোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতায় নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে এসেছে।

ডিএসসিসির মেয়র বলেন, এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে। এখন থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসা আমাদের টিম যাবে।

কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের নির্দেশনা মানতে ইমামদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, পশু নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে হবে। ব্লিচিং পাউডার কাউন্সিলরদের অফিসে পাঠানো হবে। আপনারা সংগ্রহ করবেন। আমরা সবাই মিলে পরিস্থিতি মোকাবিলা করতে চাই।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মসজিদের ঈমাম-খতিব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ ও প্রধান বর্জ্য কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ।