যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক থেকে ঐ তলবি নোটিশ মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত নোটিশে তাদেরকে আগামী ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, মাহী বি চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের জুনে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ঐ অর্থের উত্স জানতে তাদেরকে ৭ আগস্টে তলব করা হয়েছে। এমনকি মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উত্স ও ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও দুদক সূত্র জানায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বিকল্পধারা। ঐ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মুন্সীগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন মাহী বি চৌধুরী।