সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি (১৯) সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। এসময় বুকে ইটের আঘাত পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানও আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার মোস্তাকিম বিল্লাহ, ঘোনা গ্রামের ইমদাদুল হক মিলন, যশোর জেলার মহিবুল্লাহ রুবেল ও খুলনা জেলার কয়রা এলাকার ইব্রাহিম।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফারাবির বাবা শাহাদত্ হোসেন জানান, রাতে জামায়াত শিবির নেতাকর্মীরা ঝুটিতলা এলাকায় একটি ছাত্রাবাসে নাশকতার লক্ষ্যে গোপন মিটিং করছে এমন খবর পেয়ে তা যাচাই করার উদ্দেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের নেতৃত্বে ছয়/সাত জন ঐ এলাকায় যায়। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে তারা প্রথ?মে ইটপাটকেল ও পরে গুলিবর্ষণ করে। এতে ফারাবি বাম পায়ে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত পুলিশ সুপার ইলতুিমশ জানান, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। পুলিশ অন্য আসামিদেরে ধরতে অভিযানে নেমেছে।