নাম বিভ্রাটে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে জসিম হাওলাদার নামে এক যুবক বার বার পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। জসিম একজন ইজিবাইক চালক। জানা গেছে, দিয়াশুর গ্রামে আরেক জসিম হাওলাদার রয়েছেন। তিনি সন্ত্রাসী ও একই গ্রামের মৃত ভাষাই হাওলাদার ওরফে ডাকাত ভাষাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, ডাকাত ভাষাইয়ের দুই ছেলেই সন্ত্রাসী। একজন জসিম অন্যজন বাদল। এরা দীর্ঘদিন ধরে ঢাকায় বাস করছেন। এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর এলাকার কেউ জানত না। তবে নাম ও বাবার নামে মিল থাকার কারণে বার বার হয়রানির শিকার হচ্ছেন একই গ্রামের ইজিবাইক চালক জসিম। সন্ত্রাসী জসিমের নামে করা মামলায় স্থানীয় থানা পুলিশ কয়েক দফা তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় সন্ত্রাসী জসিমের নামে একটি ডাকাতি মামলার সূত্র ধরে গত ২৬ জুলাইও ভুলক্রমে চালক জসিম হাওলাদারকে পুলিশ আটক করে। পরের দিন পুলিশ তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় হয়রানি এড়াতে গত ৩০ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরিও করেন জসিম। গৌরনদী থানার এসআই মো. সগীর হোসেন জানান, ডাকাতপুত্র জসিম ও বাদলের নামে ঢাকার সবুজবাগ থানায় তিনটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে। বাদল ছয় বছর ধরে কারাগারে আছেন। তার ছোটো ভাই জসিমও একই মামলার আসামি। কুমিল্লার দাউদকান্দি থানায় আরো একটি ডাকাতি মামলা রয়েছে জসিমের বিরুদ্ধে।