গাজীপুরের কাপাসিয়ায় সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও কারচুপির অভিযোগ সম্পর্কে গত ২৯ জুলাই দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নির্দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কমিটি নতুন করে কাজ শুরু করেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, এ সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের বরাদ্দকৃত টাকা দিয়ে প্রকল্পসমূহে যথাযথভাবে কাজ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তারা নতুনভাবে কাজ শুরু করতে বাধ্য হয়েছে।
কাপাসিয়ায় সদ্য যোগদানকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিউর রহমান জোয়ার্দার জানান, ‘এ সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি কয়েকটি প্রকল্প সম্পর্কে খোঁজ নিয়েছি এবং অসমাপ্ত কাজগুলো নতুন করে শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটিকে কোনোরকম গাফিলতি ছাড়া যথাযথভাবে কাজ করার নির্দেশ দিয়েছি।’