ঝিনাইদহ শহরের ধোপাঘাটায় নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন একটি ব্রিজের দুটি বৃহত্ আকারের গার্ডার ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ২০ জন শ্রমিক। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। ব্রিজের গার্ডার ভেঙে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি সূত্রে জানা যায়, জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড ব্রিজটি নির্মাণ করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাজ শেষে বর্তমানে ব্রিজের দুপাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।
কোম্পানির মেসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, গার্ডার নির্মাণের পর প্রতিস্থাপনের সময় অসাবধানতাবশত প্রায় ১০০ ফুট দীর্ঘ গার্ডার দুটি নিচে পড়ে যায়। শ্রমিকেরা এ সময় দুপুরের খাবার খাচ্ছিলেন বলে ঘটনাস্থলে ছিলেন না। তাই কেউ হতাহত হননি। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পশ্চিম বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রোজেক্টের ম্যানেজার জাকির আলম জানান, ১২০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমের জেলাগুলোতে ৯টি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে ঝিনাইদহের ধোপাঘাটায় একটি নির্মাণ করা হচ্ছে। তবে তিনি বলেন, নির্মাণকাজে ত্রুটির জন্য গার্ডার দুটি ভেঙে পড়েনি। ব্রিজের ওপর বসানোর সময় ভেঙে পড়েছে। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।