গত শুক্রবার ইত্তেফাকে প্রকাশিত ‘সক্রিয় সিন্ডিকেট, মশার ওষুধ আমদানি অনিশ্চিত’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছে নোকন লিমিটেড। প্রতিবাদে তারা বলেছেন, ‘শতভাগ আমেরিকান কোম্পানি হওয়ায় আমরা কোনোক্রমেই কোনো প্রকার সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই এবং এ ধরনের সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িত হওয়া সম্ভব না। এই প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডাররা আমেরিকান নাগরিক। জয়েন্ট স্টক কোম্পানিতে শত আমেরিকান প্রতিষ্ঠান হিসেবেই নিবন্ধিত। এটি রাজনৈতিক প্রভাবমুক্ত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের এমডি আমেরিকান নাগরিক। ফলে তার জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হওয়া বা এটি পাকিস্তানি কোম্পানি হওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। নোকন লিমিটেড ই-জিপি টেন্ডারের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্রয় ও সরবরাহ সংক্রান্ত সকল নীতিমালা অনুসরণ করেই মশা মারার কীটনাশক সরবরাহ করে আসছে।
প্রতিবেদকের বক্তব্য : সিটি করপোরেশনের কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়েই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখিত সব তথ্যই সিটি করপোরেশন থেকেই পাওয়া। কোনো তথ্য প্রতিবেদকের নিজস্ব বা মনগড়া নয়।