মেলান্দহে ব্রহ্মপুত্র থেকে ধড়, ইসলামপুর থেকে মস্তক উদ্ধার

জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদ থেকে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার কাঙ্গালকুশ এলাকায় নদে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী মেলান্দহ থানায় খবর দেয়। পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে।

একই দিন ব্রহ্মপুত্র নদের শাখা উত্তর দরিয়াবাদ এলাকা থেকে দেহবিহীন মস্তক উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। এদিন দুপুরে স্থানীয় লোকজন মস্তকটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ইসলামপুর থানার ওসি জানান, উদ্ধারকৃত মস্তকটি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের মৃত ইয়াছিনউদ্দনের ছেলে হাসেন আলীর (৫২) বলে জানা গেছে।

নিহত হাসেন আলীর ছেলে রইসুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, তার বোন হাসিনা বানুর (২৫) সঙ্গে ভগ্নিপতি খুরশেদ আলীর দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে মামলা চলছে। খুরশেদ তার শ্বশুর হাসেন আলীকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানিয়েছেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বশুর-জামাতার মধ্যে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। হাসেন আলী গত ২ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন।