মুম্বাইয়ে প্রচণ্ড বৃষ্টিপাত, চারজনের মৃত্যু

ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। গতকাল চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার আরো বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে,  আগামী ৪৮ ঘণ্টা মুম্বাইসহ মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে এবং গুজরাট এবং কোঙ্কন উপকূলে আগামী ২৪ ঘণ্টায় অত্যন্ত ভারী বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আরব সাগর প্রচন্ড উত্তাল থাকার সম্ভাবনা। মুম্বাই কর্তৃপক্ষ সতর্ক পদক্ষেপ হিসেবে আজ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেল তিনটা নাগাদ প্রায় চার মিটার উঁচু জোয়ারের পানিতে ভেসে যায় মুম্বাই। গতকাল ২৪ ঘণ্টায় শুধু মুম্বাইতেই বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। বিভিন্ন রাস্তা পানিতে ডুবে যাওয়ায় বিজ্ঞপ্তি জারি করে মানুষকে সেই সব রাস্তা এড়াতে আবেদন করেছে কর্তৃপক্ষ। মুম্বইয়ের ক্রান্তিনগর অঞ্চলের ৪০০ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। -এনডিটিভি