কফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড় 

কফি তৈরির মেশিনে অন্তর্বাস পরিষ্কার করার বার্তা দিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন একজন ট্রাভেল ইনফ্লুয়েন্সার। তারা উডকক্স নামে ওই তরুণী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মার্কিন ওই তরুণী ট্রাভেল ইনফ্লুয়েন্সারের পাশাপাশি ফিটনেস প্রশিক্ষকও বটে।

কোনো তরুণী বহু দিনের জন্য ঘুরতে গেলে কীভাবে তার অন্তর্বাস পরিষ্কার করবেন তা নিয়ে ভিডিও পোস্ট করেছেন। উডকক্স জানান, তার এক বান্ধবী বিমানসেবিকা। বান্ধবীর কাছ থেকে তিনি একটি সহজ উপায় শিখেছেন। এটি বেশ কার্যকরী বলেও দাবি করেন তিনি।

ভিডিও বার্তায় উডিকক্স বলেন, প্রায় সব হোটেলের ঘরে কফি বানানোর মেশিন থাকে। সেই মেশিনের গরম পানিতে অন্তর্বাস কেচে নেওয়া যায়। এরপর ভেজা অন্তর্বাসটি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেললেই কাজ শেষ। পরের দিনই অন্তর্বাসটি ব্যবহার করা যাবে। এমন ভিডিও পোস্ট করার পরেই কটাক্ষের বন্যা বয়ে যায়। 

তবে নতুন ভিডিওতে ভিন্ন বার্তা দিয়েছেন উডকক্স। তিনি দাবি করেছেন যে নিজে কখনো হোটেলের কফি মেকারে অন্তর্বাস পরিষ্কার করেননি। উডকক্স ব্যাখ্যা করেছেন, তিনি কেন হোটেলের কফি মেশিন এড়িয়ে চলেন এবং কেউ যেন এমন কাজ না করেন- সেই বার্তা দিয়েছেন।  

তবে তার এমন দাবি অনেকেই আর বিশ্বাস করেননি। একজন ব্যবহারকারী বলেছেন, আপনি মানুষকে সত্যিকার অর্থেই অস্বাস্থ্যকর কিছু করতে বলেছেন। এটা কৌতুক নয়। এটা বেপরোয়া এবং জঘন্য। 

আরেক ব্যবহারকারী উডকক্সের পোস্টে লিখেছেন, আপনি মিথ্যা বলছেন। আপনি নিজে অন্যদের কফির পাত্রে অন্তর্বাস পরিষ্কার করতে বলেছেন।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উডকক্সের এই ভিডিও ২০২৫ সালের নভেম্বরের।