রংপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে পুলিশ। ট্রাকে বিক্রির জন্য পণ্য গুদামে মজুতের অভিযোগে এসময় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রেলস্টেশন খেরবাড়ি এলএসডি গুদাম এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে, ৬১৩ কেজি মসুরের ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর ও ১৬২ লিটার সয়াবিন তেল। রুবেল মিয়া টিসিবির পণ্য ট্রাক সেল না করে সেগুলো তার গুদামে মজুদ করে পরবর্তীতে তা কালোবাজারে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
এডিসি সনাতন চক্রবর্তী জানান, এনএসআই ও টিসিবির দেওয়া তথ্যের ভিত্তিতে খেরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামে এক যুবককে আটক করাসহ অবৈধভাবে মজুদ করা টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে রুবেল জানিয়েছে তিনি টিসিবির ডিলার। টিসিবির পণ্য উত্তোলন করে ট্রাক সেল না করে তিনি অবৈধভাবে গুদামে মজুদ রাখতেন এবং পরবর্তীতে তা বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে।