বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২২:৪৭

রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম ওরফে রতন (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ফখরুল আলম ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি একসময় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে বাড়িতে থেকে জমিজমা দেখাশোনা করতেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও হত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সামনের দিকে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে ফখরুল আলমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারীরা।

তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা অথবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এসজেএস