চট্টগ্রামে আবুল খায়ের স্টিল মিলে হামলা-লুটপাট: সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল লুটতরাজের উদ্দেশে শিল্প প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। হামলাকারীরা কারখানার যানবাহনসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। হামলায় প্রতিষ্ঠানটির ৩ থেকে ৪ জন কর্মচারী আহত হন।

ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জামাল (৩৮), রমজান আলী ওরফে মান্না ওরফে মুন্না (২৮), মো. রনি (২০), মো. এছহাক ওরফে ইসহাক (৪৮), আরশাদুর রহমান ওরফে মিজান (২০), মো. আলাউদ্দিন (৪৮) ও মো. খোকন (৩০)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে।

এ ঘটনায় নিরাত্তারক্ষী মো. আলাউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।