চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে থেকেই বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মাঝে চার দিন পেরিয়ে গেলেও বাড়ি ফিরতে পারেনি ক্যারিবীয়ান ক্রিকেটাররা। কলকাতাতেই আটকা পড়ে আছেন তারা। তবে ধৈর্য রাখতে পারছেন তারা। এক্স হ্যান্ডলে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি লিখেছেন, ‘আমি শুধুই বাড়ি ফিরতে চাই।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এলোমেলো করে দিয়েছে বিমানের চলাচল। বাতিল হয়ে গেছে অনেক ফ্লাইট। এ কারণেই বিশ্বকাপ শেষে হলেও বাড়ি ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসির অফিশিয়াল এয়ারলাইনস পার্টনার এমিরেটস। লম্বা ফ্লাইটগুলোর প্রায় সবগুলোই তাই দুবাই হয়ে যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুবাইয়ের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ।
শুরুতে জানা গিয়েছিল, চার্টার্ড ফ্লাইটে লন্ডন হয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের ক্যারিবীয় অঞ্চলে ফেরানোর চেষ্টা করছে আইসিসি। পরিকল্পনা ছিল, সপ্তাহের মাঝামাঝি সময়ে তারা ভারত ছাড়বে, যদিও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। কিন্তু তা আর হয়নি বলে ওয়েস্ট ইন্ডিজ দল এখনো কলকাতাতেই আছে।
ওয়েস্ট ইন্ডিজের মতো জিম্বাবুয়ে দলও আটকা পড়েছিল। তবে তাদের একটা অংশ গতকাল দিল্লি থেকে দেশের উদ্দেশে রওনা হতে পেরেছে।
জিম্বাবুয়ে ক্রিকেটের বিবৃতিতে বলা হয়, ‘জিম্বাবুয়ের ছেলেদের সিনিয়র দল, যারা টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে, তারা ভারত থেকে দেশে ফেরার পথে রয়েছে। সাম্প্রতিক ট্রানজিট–সংকটের কারণে বিকল্প ভ্রমণব্যবস্থা নিশ্চিত করেছে আইসিসি। ফ্লাইটের প্রাপ্যতা ও নতুন রুটের কারণে দলটি ধাপে ধাপে হারারেতে ফিরবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘জিম্বাবুয়ের মূল ভ্রমণপথ ছিল দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে। তবে সেটি পরিবর্তন করতে হয়েছে। জানা গেছে, এখন তারা আদ্দিস আবাবা, ইথিওপিয়া হয়ে হারারেতে ফিরছে।’