টি-টোয়েন্টি সিরিজ
জিতল ভারত
স্পোর্টস ডেস্ক
এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করায় শেষ ম্যাচটা এখন তাই স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। আর সেই ম্যাচে নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চান অধিনায়ক বিরাট কোহলি।
সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে ভারত বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে তিন ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আজ গায়ানায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ম্যাচটিকে সামনে রেখে বিরাট কোহলি বলেন, ‘আগেভাগে সিরিজ জিতে যাওয়ায় আমরা বেঞ্চের কয়েকজনকে ম্যাচ খেলানোর সুযোগ পাচ্ছি। আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। তবে, অবশ্যই আমরা হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৭ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। জবাবে, ৮৫ রানে চার উইকেট পতনের পর দলের হাল ধরেন কাইরেন পোলার্ড ও শেমরোন হেটমায়ার। এ সময় ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য ৩৭ বলে ৮৩ রানের প্রয়োজন ছিল। তবে ১৫.৩ ওভারের পর বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে খেলা শুরু সম্ভব না হলে বৃষ্টি আইনে জয়ের স্বাদ পায় ভারত। ভারতের ক্রুনাল পান্ডিয়া ২৩ রানে দুই উইকেট নেন। এর আগে ব্যাট হাতেও ২০ রান করার সুবাদে ম্যাচ সেরা হন তিনি।