ছক্কার রেকর্ড গড়ে ভারতের রানের পাহাড়

ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। স্যাঞ্জু স্যামসনের বিস্ফোরক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। জয়ের জন্য ২৫৪ রান করতে হবে ইংল্যান্ডকে। বিশ্বকাপ ইতিহাসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই।

বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। এই ম্যাচে ছক্কার জোড়া রেকর্ড গড়েছে ভারত। এই ইনিংসে ১৯টি হাঁকিয়েছেন ভারতের ব্যাটাররা। টি–টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

এছাড়া এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৮৮টি ছক্কা মেরেছে ভারত।  যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।  

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ৯ রান করে আউট হন ওপেনার অভিষেক শর্মা। এরপর ইষান কিশানকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন স্যামসন। 

আউট হওয়ার আগে ৪২ বলে ৮ চার, ৭ ছক্কায় সর্বোচ্চ ৮৯ করেছেন স্যামসন। তিনে নেমে ১৮ বলে ৩৯ করেন ইষান কিশান। এছাড়া শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ ও তিলক ভর্মার ৭ বলে ২১ রানের ইনিংস বিশাল সংগ্রহ পায় ভারত। ইংল্যান্ডের পক্ষে উইল জ্যাকস নেন ২টি উইকেট।