ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করছে ইসরায়েল: আইডিএফ চিফ

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, তারা ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে প্রবেশ করছে’। তিনি বলেন, এই ধাপে ইরানি শাসনব্যবস্থা এবং সামরিক শক্তিকে আরও গুঁড়িয়ে দেওয়া হবে।

জামিরের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইরানকে ‘একঘরে’ করেছে এবং ইরান এমন দুর্বল অবস্থায় রয়েছে যা আগে দেখা যায়নি। তিনি আরও জানান, গত ছয় দিন ধরে ইসরায়েল ইরানে ‘বিরতিহীনভাবে’ হামলা চালাচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট গতিতে অভিযান এগিয়ে যাচ্ছে।

আইডিএফ প্রধানের ভাষ্য অনুযায়ী, আকস্মিক হামলার ধাপটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ধাপে আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা কমানো হয়েছে। এখন তারা অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করছে, যেখানে আরও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য ধ্বংস করার পরিকল্পনা রয়েছে।

লেবাননের পরিস্থিতি নিয়ে জামির বলেন, হিজবুল্লাহ এই সংঘাতে জড়িয়ে ‘কৌশলগতভাবে ভুল’ করেছে। ইসরায়েল এখন লেবাননের সীমান্তসহ দেশের গভীরে ‘শক্তিশালী হামলা’ চালাচ্ছে।

সূত্র: বিবিসি