নেত্রকোনায় বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আমন আবাদ শুরু

নেত্রকোনা প্রতিনিধি

এবারের বন্যায় নেত্রকোনার কয়েকটি উপজেলার লোকজন ক্ষতিগ্রস্ত হলেও আমন বীজতলার তেমন ক্ষতি হয়নি বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। ৮ হাজার ৩০০  হেক্টরের মধ্যে মাত্র ৫৬ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আমন বীজতলার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার থেকে বীজ বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে নতুন বীজতলা তৈরির কাজও শুরু হয়েছে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আমন আবাদও শুরু হয়েছে ।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, জেলায় এবার ১ লাখ ২৫ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৮ হাজার হেক্টর জমিতে এরই মধ্যে আমন চারা রোপণ করা হয়েছে। এই রোপণ কাজ চলবে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এছাড়া সকল প্রকাল সার মজুদ রাখা হয়েছে বলে তিনি জানান। এখন পর্যন্ত আমন আবাদের জন্য আবহাওয়া অনুকূল রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।