দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়ুরা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়।
থানা পুলিশ ও ঐ ছাত্রীর স্বজনরা জানায়, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন স্কুল সংলগ্ন এলাকার ঐ ছাত্রী (১৫) কে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ঐ ছাত্রী নিম্নমাধ্যমিক পেরিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হলেও প্রধান শিক্ষক জামাল উদ্দিন তার পিছু ছাড়ে না। গত বৃহস্পতিবার ঐ ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে প্রধান শিক্ষক জামাল উদ্দিন তাকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্কুলছাত্রী চিত্কার দিলে জামাল উদ্দিন পালিয়ে যায়। ঘটনার দু-দিন পর বিষয়টি ছাত্রী তার স্বজনদের জানায়। রবিবার রাতে এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করলে পুলিশ প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
দৌলতপুর থানার ওসি আযম খান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা করে অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়।