বাঁশখালীতে পানিতে ডুবে চার দিনে চার শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীতে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে চার দিনে চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা এলাকার আজিজুর রহমানের পুত্র মো. সোহেল (৪) বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। সে দীর্ঘক্ষণ ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজে বের হলে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখে। এ সময় তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

অপরদিকে গত ৩ জুলাই উত্তর জলদী নোয়াপাড়া এলাকার বশির আহমদের কন্যা আবিদা আক্তার (৩), সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদুল আলমের কন্যা আছমা আক্তার (১) ও গত ২ জুলাই পূর্ব চাম্বল এলাকার নুরুল আলমের পুত্র আল আমিন (২) খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।