লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সাহেদ হোসেন ও মুরাদ হোসেনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে সদর উপজেলার শাকচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি ধামা, তিনটি ছোরা, একটি লোহার ছেনি, দুটি কার্তুজ ও চারটি কালো মুখোশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সদর উপজেলার পশ্চিম-লক্ষ্মীপুর এলাকার আবুল কাশেমের ছেলে সাহেদ হোসেন ও তছলিমউদ্দিনের ছেলে মুরাদ হোসেন।

পুলিশ জানায়, সদর উপজেলার শাকচর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র ও গুলিসহ পুলিশের তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, গ্রেফতারকৃত দুই ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।